আসন্ন পবিত্র রমজান মাসে মুসলমানদের আল-আকসা মসজিদে নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটি আল-আকসার সঙ্গে সম্পর্কিত, আমরা অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে অনুরোধ করছি। খবর আরব নিউজের
এর আগে ইসরায়েলের এক মন্ত্রী এই মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। এ সময় আল-আকসা মসজিদে প্রার্থনার কাজ কিভাবে পরিচলনা করা হবে বর্তমানে তা মূল্যায়ন করছে ইসরায়েল।
এদিকে রমজান মাস শুরু উপলক্ষে আল-আকসা নিয়ে ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর প্রধান ইসমাইল হানিয়াহ রমজানের প্রথম দিনে আল-আকসা মসজিদে মিছিল নিয়ে যাওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনিদের প্রবেশের ওপর ইসরায়েলের অব্যাহত নিষেধাজ্ঞার প্রতিবাদে তিনি এই আহ্বান জানান।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
