সিরিয়ার সঙ্গে যুদ্ধ ‘অবশ্যম্ভাবী’ — হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর

সিরিয়ার সঙ্গে যুদ্ধ এখন কার্যত ‘অবশ্যম্ভাবী’ হয়ে গেছে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিরিয়ার কুনেইত্রা শহরের কাছে ঘটে যাওয়া উত্তেজনাকর ঘটনার পর তিনি এমন মন্তব্য করেন। বিষয়টি জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিরা কুনেইত্রার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের নিকটে এগিয়ে আসছেন। তেল আবিব এই ঘটনাকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উল্লেখ করেছে। তবে কুনেইত্রা অঞ্চল দীর্ঘদিন ধরে ইসরায়েলি হামলা, অনুপ্রবেশ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের শিকার হয়ে আসছে।

হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহরোনথ জানায়, ওই দিন কুনেইত্রায় ইসরায়েলি সেনাদের একটি ইউনিটের সঙ্গে সিরিয়ার সাধারণ মানুষের উত্তেজনা চরমে ওঠে। ঘটনার সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মাঠপর্যায়ের এক সফরে সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদপত্রের তথ্যমতে, দুই রাষ্ট্রদূত ওল্ড কুনেইত্রার পরিস্থিতি মূল্যায়নের জন্য সুরক্ষা সরঞ্জাম পরে এলাকা পরিদর্শন করেন। পরে নিজেদের গাড়িতে ফেরার প্রস্তুতিকালে একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়।

একদল সশস্ত্র বহর পার হওয়ার কিছুক্ষণ পর সেখানে গোলাগুলি শুরু হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, ইসলামিক জিহাদের এক সদস্যকে আটক করার চেষ্টা চলছিল। যদিও দুই রাষ্ট্রদূত সরাসরি ঘটনার সাক্ষী না হলেও তারা ঘটনাস্থল থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান করছিলেন।

ইসরায়েলের প্রবাসীবিষয়ক মন্ত্রী চিকলি ঘটনাটিকে গুরুতর ইঙ্গিত হিসেবে উল্লেখ করে বলেন, “সিরিয়ার সঙ্গে সংঘাত এখন প্রায় অবশ্যম্ভাবী। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর