পুলিশের হাত থেকে আসামি পালানোর ঘটনায় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এ তথ্য জানান।
এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগার-১-এ আনার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল থেকে ওই আসামি পালিয়ে যান।
পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, সকালে বিচারিক কার্যের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে বিকালে ঢাকা থেকে তাদের নিয়ে কাশিমপুর কারাগারে ফেরার পথে আসামি রাজা ওরফে পিচ্চি রাজা টয়লেটে যাবেন বলে চিৎকার শুরু করেন। এ সময় গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছানোর পর উপপরিদর্শক (এসআই) তাকে টয়লেট নিয়ে গেলে কৌশলে তিনি পালিয়ে যান।
জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে আনার পথে একজন বন্দি পালিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই বন্দি টয়লেটে যাওয়ার জন্য চিৎকার-চেঁচামেচি করছিলেন। পরে তাকে বাথরুমে নিতে গাড়ি থেকে নামানো হলে পালিয়ে যান। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর ভারপ্রাপ্ত জেলার জাহাঙ্গীর আলম বলেন, কারাগারে বন্দি রাজা ওরফে পিচ্চি রাজাকে পুলিশ আদালতে নিয়ে যায়। আদালত থেকে ফেরার পথে তিনি কৌশলে পালিয়ে গেছেন। বিস্ফোরক আইনের একটি মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।
