রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপছিল একটি হাসপাতালের অপারেশন থিয়েটার। কিন্তু ওই সময় রোগীর সার্জারিতে ব্যস্ত চিকিৎসকরা কোনোরকম ভয় বা আতঙ্ক না দেখিয়ে শান্তভাবে কাজ চালিয়ে গেছেন। তারা নিজেদের সুরক্ষা নিয়ে না ভেবে পুরো মনোযোগ দিয়েছেন রোগীর নিরাপত্তায়।
রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচার করছিলেন। এ সময় হঠাৎ করেই শুরু হয় ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, যন্ত্রপাতিগুলো নড়তে থাকে। এরপরও চিকিৎসকরা স্থির থাকেন এবং অপারেশন চালিয়ে যান।
সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় ২৫০০ জন জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গভর্নর লিমারেঙ্কো বলছেন, বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায়, তারা সেখানে থাকবেন। জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইদ মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে এবং এর সব কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
