যে তিনটি রঙের প্যান্ট ছেলেদের ওয়ার্ডরোবে থাকা উচিত

পোশাক কেনাকাটায় ছেলেরা এখনো অনেকটাই উদাস। অনেকেই বোহো সাজে থাকতে ভালোবাসেন। কেনাকাটায় যাঁদের অনাগ্রহ, তাঁরা একটি পোশাক ঘুরিয়ে–ফিরিয়ে স্টাইল বদলে নিতে পারেন। তিনটি সাধারণ রঙের প্যান্ট যদি কোনো ছেলের আলমারিতে থাকে, তাহলে প্রায় সব সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। কী সেই রংগুলো?

ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘তিনটি রঙের প্যান্ট বেছে নিতে চাইলে নীল, খাকি ও কালো রং বেছে নেওয়াটা নিরাপদ। তবে এর পাশাপাশি ছাই রংটাকে রাখতে পারলে ভালো হয়। কারও সংগ্রহে এই কয়টা রঙের প্যান্ট থাকলে সেটা যেকোনো পোশাকের সঙ্গে ফ্যাশনেবলভাবে পরা যেতে পারে।’

এখন যেমন বিশ্বজুড়ে লেয়ারিং স্টাইলের চল। নারী-পুরুষ দুই ধরনের পোশাকেই লেয়ারিং ফ্যাশন চলছে। সামনে যেহেতু শীতকাল, তাই লেয়ারিং করলে সেটায় বরং আরাম আর স্টাইল দুই-ই পাওয়া যাবে। কিছুদিন আগেও যেমন ন্যারো প্যান্টের চল ছিল, এখন আবার ঢিলেঢালার চল। সেটা টপ, বটম দুটোতেই। নকশার ফটোশুটেও তাই কালো, নীল আর বাদামি রঙের প্যান্টের সঙ্গে পুরুষদের এই সময়ের পোশাকগুলো দিয়েই স্টাইলিং করা হলো।