রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। শুকবার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক হাজার ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসের প্রথম নয় দিনেই ডেঙ্গুতে ৫৩ জন মারা গেলেন।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৫০ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে গত অক্টোবর মাসেই ১৩৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৭১ হাজার ৫৬ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮৮ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৩ জন, বরিশাল বিভাগে ১৩১ জন, খুলনা বিভাগে ১১০ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে চার হাজার ৪৩৩ জন চিকিৎসা নিচ্ছিলেন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

One Reply to “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরোও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৪”
Comments are closed.