আজ ১০৩ বছরে পদার্পণ করলো ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দিবস আজ ০১ জুলাই। এ বছর ১০৩ বছরে পদার্পণ করলো ঢাবি।

পূর্ব বাংলার পিছিয়ে পরা জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার জন্য প্রাচ্যের অক্সফোর্ড-খ্যাত এ প্রতিষ্ঠানটি ১৯২১ সালের এই দিনে শিক্ষা কার্যক্রম শুরু করেছিল।

দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এবার দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়’।

প্রসঙ্গত, ১৯২১ সালের ১ জুলাই ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার দুয়ার।

তৎকালীন ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রায় ৬০০ একর জমির ওপর পূর্ববঙ্গ এবং

আসাম প্রদেশ সরকারের পরিত্যক্ত ভবন ও ঢাকা কলেজের (বর্তমান কার্জন হল) ভবনগুলোর সমন্বয়ে গড়ে ওঠে এই বিশ্ববিদ্যালয়।

তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয়।

প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮৭৭ জন এবং শিক্ষক সংখ্যা ছিল ৬০ জন।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ১৩টি ইনস্টিটিউট, ৮৪টি বিভাগ, ৬০টি ব্যুরো ও গবেষণা কেন্দ্র এবং

ছাত্রছাত্রীদের ১৯টি আবাসিক হল, ৪টি হোস্টেল ও ১৩৮টি উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউট রয়েছে।

এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৪৬ হাজার ১৫০ জন। পাঠদান ও গবেষণায় নিয়োজিত রয়েছেন প্রায় ২ হাজার ৮ শিক্ষক।

এদিকে, ১০৩ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন, কার্জন হল, কলা ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রে আলোকসজ্জা করা হয়েছে। নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে তোরণ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে।

এনএএন টিভি