জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় ১৬ জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
মঙ্গলবার (২৪ জুন) এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত ১৯ জুন এ মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। প্রতিবেদন অনুযায়ী ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক সপ্তাহ সময় আবেদন করলে ২ জুলাই পরবর্তী দিন ধার্য করেছেন বিশেষ ট্রাইব্যুনাল।
এদিন, সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
এদিকে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে ১ জুলাই। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ ৭ জনের বিরুদ্ধে ২৪ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
