জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হলো বাংলাদেশ

জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত করার লক্ষ্যে মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নির্বাচন অনুষ্ঠিত হয় । উক্ত নির্বাচন পক্রিয়াতে সর্বোচ্চ ভোট (১৬০) পেয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গ্রুপে মোট ১৯০টি ভোট পড়ে। এর মধ্যে ১৮৯টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়। বরাদ্দ চারটি আসনের বিপরীতে বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেছে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।

বাংলাদেশের পাশাপাশি মালদ্বীপ ১৫৪টি, ভিয়েতনাম ১৪৪টি, কিরগিজস্তান ১২৬টি, দক্ষিণ কোরিয়া ১২২টি ভোট ও আফগানিস্তান ১২টি ভোট পেয়েছে।

৪৭ সদস্যের মানবাধিকার পরিষদের ১৪টি সদস্য পদে আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ছাড়াও নির্বাচিত অপর সদস্যরা হলো আলজেরিয়া, বেলজিয়াম, চিলি।

বাংলাদেশের জয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই মর্যাদাপূর্ণ জয়টি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ ২০১৮ সালের পর এটি বাংলাদেশের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক নির্বাচন। এশিয়া প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ৭টি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চারটি আসনের একটি পেয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের ফলাফল জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা এবং অঙ্গীকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

বাংলাদেশ জাতিসংঘের একটি দায়িত্বশীল সদস্য রাষ্ট্র এবং আগামী তিন বছরের জন্য মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে জাতীয় ও বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share this news as a Photo Card