ডেঙ্গু জ্বরে আক্রান্ত একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৮

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই নারী। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, আরেকজনের বরিশালের একটি হাসপাতালে ও অপরজনের মৃত্যু হয়েছে খুলনার একটি হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮ জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৮৫ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ৫০, বরিশাল বিভাগে ৪২, ঢাকা উত্তর সিটিতে ১৯, ঢাকা মহানগরের বাইরে ১৬, খুলনা বিভাগে ৯, ময়মনসিংহ বিভাগে ৬ ও রাজশাহী বিভাগের হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৩০ জন। এর মধ্যে চলতি মাসে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ২ হাজার ৬১০ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশ নারী। আর পুরুষ ৪৮ দশমিক ৬ শতাংশ।

জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬০ দশমিক ৮ শতাংশ পুরুষ ও নারী ৩৯ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। সে সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

এনএএন টিভি