অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ, যা এ যাবতকালে সর্বোচ্চ।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা জানানো হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৪১টি উপদেষ্টা পরিষদ-বৈঠকে ১৯৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে গৃহীত ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি (বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ, এ যাবতকালে সর্বোচ্চ)।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার (গত বছরের ৮ আগস্ট) পর থেকে গত ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৪১টি উপদেষ্টা পরিষদ-বৈঠকে ১৯৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। এসব বৈঠকে নেওয়া ৩১৫টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪৭টি (বাস্তবায়ন হার ৭৮ দশমিক ৪১ শতাংশ)। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, স্বাধীনতার পর এটি যে কোনো সরকারের জন্য একটি রেকর্ড।
প্রেস সচিব বলেন, সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে ৬৮টি। এ সময়ে অধ্যাদেশ প্রণয়ন হয়েছে ৫৬টি। অধ্যাদেশ প্রক্রিয়াধীন আছে ১০টি। নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে ছয়টি। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি প্রটোকল অনুমোদন বা অনুসমর্থন হয়েছে ২৩টি। উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন হয়েছে ১৯৪টি।
