বৃষ্টিতে ভিজে ঈদযাত্রা

ঈদুল আজহার আগের দিনও পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। গ্রামে ঈদ উদযাপনে ছুটছেন তারা। বৃষ্টির মধ্যে বাস, ট্রেন ও লঞ্চে করে যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি।

বুধবার (২৭ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের কিছুটা ভিড় দেখা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় কিছুটা কমে এসেছে। ট্রেনের ভিতরে দাঁড়ানোর জায়গা না পেয়ে টিকিট কেটেও উঠতে পারেননি না অনেকে। রেলওয়ের এই অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।

তবে, আজ সবগুলো ট্রেনই ছেড়ে গেছে সময়মতো। মুষলধারে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন, যারা ছাদে চড়ে বসেছিলেন।

এদিকে, নৌপথেও বাড়ি যাচ্ছেন রাজধানীবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সতর্কতার সাথে লঞ্চ চলাচল শু হয়।

এছাড়া, বাস টার্মিনালগুলোয় অন্যান্য দিনের তুলনায় যাত্রীচাপ কিছুটা কম। বরাবরের মতো যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ জানিয়েছেন। তবে বাসের সংকট নেই। ঢাকা থেকে বের হওয়া ও প্রবেশমুখগুলোতে কিছুটা যানজট দেখা গেছে।