দেশের ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এটি অব্যাহত থাকবে। যত দিন মনে হবে টিসিবির পণ্য দেওয়া দরকার, তত দিন দেওয়া হবে।
বুধবার দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আটটি পণ্য বাকিতে আমদানি করার সুযোগ দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে পরবর্তী সময়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, আমদানি করার সময় ডলারের দাম বেশি হচ্ছে কিনা। রমজান মাস উপলক্ষ্যে বিশেষ বিবেচনায় এসব পণ্য আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমদানি পণ্য ও ডলারের দাম বিষয়ে তিনি বলেন, আমাদের দেশে ডলারের দাম বেড়েছে। এতে ইমপোর্ট আইটেমগুলোর ওপর প্রভাব পড়েছে। আমরা সে অনুযায়ী হিসাব-নিকাশ করি। অন্যান্য দেশে যে মূল্যস্ফীতি হয়েছে, তা থেকে আমাদের দেশে কম আছে। যার জন্য আমাদের দেশে প্রভাব পড়েনি। অন্যান্য দেশের চেয়ে আমরা ভালো আছি।
ডলারের মূল্য যত দিন পর্যন্ত ঠিক না হবে, আমদানি পণ্যের ওপর প্রভাব থাকবেই বলে উল্লেখ করেন টিপু মুনশি।

Comments are closed.