জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে একটি মামলার রায় ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের ওপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং মামলায় দণ্ডপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে।
প্রফেসর ইউনূস বলেন, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছে— জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন।
