বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভেরিফিকেশন ফরম সরাসরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
বুধবার (৯ জুলাই) বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের স্বাক্ষর করা একটি পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় প্রতিবেদন ফরম সংগ্রহ করে সরাসরি পুলিশ অধিদপ্তরের স্পেশাল ব্রাঞ্চে পাঠাবে।
এর আগে বিদ্যমান নিয়মে, এই ভেরিফিকেশন ফরম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে পাঠানো হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সে পদ্ধতি আর অনুসরণ করা হবে না।
২০২৪ সালের ২৫ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পরিপত্রের পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত অনুচ্ছেদ ৫.১ অংশ পরিবর্তন করা হয়। সেখানে লেখা ছিল, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভি-আর ফরম প্রাপ্তির পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশনের জন্য ভি-আর ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। ’
এই অংশটুকু পরিবর্তিত হবে বলে জানানো হয়েছে।
পরিবর্তিত অংশে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম প্রাপ্তির পর তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সরাসরি স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। ’

One Reply to “বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র,(এনটিআরসিএ)”
Comments are closed.