এমপি হারুন পদত্যাগ করবেন আজ

জাতীয় সংসদ থেকে আজ পদত্যাগ করবেন বিএনপিদলীয় সদস্য হারুন অর রশীদ।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন হারুন অর রশীদ।

চলতি একাদশ জাতীয় সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পরের দিন ১১ ডিসেম্বর দলটির পাঁচজন সদস্য সংসদে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। আরেকজন অসুস্থ থাকায় তার পক্ষে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ওই সময় হারুন বিদেশে থাকার কারণে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।