দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নিয়ে বেশি আপত্তি এসেছে কুমিল্লা অঞ্চল থেকে। এই অঞ্চল দিয়েই সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আপত্তির বিষয়ে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন।
বুধবার (৩ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন দিয়ে শুনানি শুরু হয়।
এরপর বাকি আসনগুলো নিয়ে আপত্তির শুনানি করা হয়।
ইসি জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩৮টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের পক্ষে-বিপক্ষে ১৮৬টি আবেদন জমা পড়েছে।
সেগুলোর ওপর চার ধাপে শুনানি করবে ইসি। রাজশাহী অঞ্চলের যে আবেদন সেগুলোর শুনানির তারিখ ৭ মে।
এছাড়া, ময়মনসিংহ-ফরিদপুর-ঢাকা অঞ্চলের শুনানি ১১ মে। আর বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদন নিষ্পত্তির শুনানি হবে ১৪ মে।’
সাবেক সিইসি নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের রেখে যাওয়া সংসদীয় আসনের সীমানা গত ২৬ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া সীমানা হিসেবে গেজেট প্রকাশ করে কমিশন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়,
১৯ মার্চ পর্যন্ত সংক্ষুব্ধরা এ বিষয়ে আবেদন করতে পারবেন। সীমানা সংক্রান্ত প্রাপ্ত আবেদনের শুনানি শেষে জুনের মধ্যে সীমানা চূড়ান্ত করতে চায় ইসি।
প্রসঙ্গত, সীমানার আপত্তি নিয়ে সবচেয়ে বেশি ৮৩টি আবেদন জমা পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে।
রাজশাহী থেকে ৪৪টি, বরিশাল থেকে ২৯টি, ঢাকা অঞ্চল থেকে ১৮টি আবেদন জমা পড়েছে।
এছাড়া খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে পাঁচটি করে আবেদন পড়েছে। তবে সিলেট ও রংপুর অঞ্চল থেকে কোনো আবেদনই জমা পড়েনি।
কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিপক্ষে দুটি আর পক্ষে চারটি আবেদন জমা পড়েছে।
কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের বিপক্ষে ৪৯টি, পক্ষে ১২টি আবেদন জমা পড়েছে।
কুমিল্লা-৮ ও কুমিল্লা-৯ আসনের বিপক্ষে তিনটি এবং কুমিল্লা-১০ আসনে আটটি আবেদন বিপক্ষে জমা পড়েছে।
নোয়াখালী-১ ও নোয়াখালী-২ আসনে চারটি আবেদন বিপক্ষে জমা পড়েছে।
এছাড়া চাঁদপুরের ১, ২, ৩, ৪, ৫- প্রতিটি আসনের বিপক্ষে একটি করে আবেদন জমা পড়েছে।
আরও পড়ুন:

Comments are closed.