গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। একই সঙ্গে ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা তিনটায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি হবে।
গতকাল শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, বিক্ষোভ ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তার রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।
আহত নুরকে প্রথমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওসিসি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।
সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। তাঁর নাকের হাড় ভেঙে গেছে। যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত, সেটি বলা সম্ভব নয়।
