দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কোন খারাপ কথা মেনে নিবে না: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দিল্লী নয় পিন্ডি নয় এই দেশ আমার বাংলাদেশ। তিনি বলেন, গত সাড়ে ১৫বছর আমাদের দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। গত ৫ আগস্ট হাসিনার অবৈধ সরকারের পতনের পর দেশের মানুষের মতো বিএনপি দ্রুত একটি নির্বাচন চেয়েছিল। সেই ভোট চাওয়ার জন্য অনেকে বিএনপিকে বাজে কথা বলেছে। কিন্তু এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কোন খারাপ কথা মেনে নিবে না।

তিনি বলেন, একটা দল লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. ইউনূসের সঙ্গে বৈঠক করা মেনে নিতে পারেনি। অথচ তারেক রহমান বলেছেন নির্বাচনে তারা যত বেশি আসনই পাক না কেন সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন। এরপরও ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে। গত সাড়ে ১৫ বছর দিল্লির সহযোগিতায় আওয়ামী লীগ এই দেশ শোষণ করেছে। মানুষের কথা বলার অধিকার ছিল না, ভোট দেয়ার অধিকার ছিল না। কোনভাবেই মত প্রকাশের স্বাধীনতা ছিল না। দেশের মানুষ এখন ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিয়ে তিনি জনগণের সরকার প্রতিষ্ঠার দাবি জানান।

শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু আরও বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের অপসংস্কৃতির বিরুদ্ধে দেশের সংস্কৃতি চালু করতে হবে। গত ১৫ বছর এ সংস্কৃতির নাম দিয়ে কিছু সংস্কৃতি ব্যক্তিরা বাইরের সংস্কৃতি দেশে প্রচার করে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করেছে। সেজন্য দেশের শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

কর্মী সম্মেলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খান, জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর জেলা জাসাসের প্রস্তাবিত সভাপতি মেহেদি হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক বাউল আব্দুল খালেকসহ নেতারা উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি