রওশনের সঙ্গে যোগ দিলেন রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গা এবার রওশন এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন।

তাকে রওশন ঘোষিত জাপার আসন্ন ২৬ নভেম্বরের সম্মেলনের প্রস্তুতি কমিটিতে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাঙ্গার অন্তর্ভুক্তিপত্রে সই করেন রওশন এরশাদ।

একই নির্দেশনায় রওশন আরও ১৭ জনকে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছেন।

এ বিষয়ে রাঙ্গার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর জি এম কাদেরের নির্দেশে রাঙ্গাকে জাপার সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়ার পর জি এম কাদেরকে হুমকি দিয়ে রাঙ্গা বলেছিলেন, আমি দেখে নেব, তিনি কীভাবে রাজনীতি করেন, কীভাবে রংপুরে যান। আমাকে বাদ দিয়ে কীভাবে সেখানে রাজনীতি করেন।