আমরা রেফারির ভূমিকায়, যারা খেলবে খেলুক, জিতবে জিতুক: সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা থাকবে রেফারির মতো, যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক।

আজ রোববার (১৫ জুন) সকাল ১০টার নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ–পরবর্তী মতমিনিময় সভায় সিইসি এ কথা বলেন। এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।’

নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে যাচ্ছে তিনি বলেন, অনেকগুলো কাজ আমরা এগিয়ে নিয়ে গেছি। যত কাজ বাকি আছে তা সবাই মিলে করতে হবে। আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া

তিনি জানান, সরকার লন্ডন, জাপানসহ বিভিন্ন দেশে বিশ্বনেতাদের বলে যাচ্ছে, আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই। বিশ্বব্যাপী ওয়াদা দিচ্ছে, আমাদের ওপর আস্থা আছে বলেই এমন ঘোষণা দেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করব, দয়া করে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যয়সঙ্গতভাবে কাজ করার।

সিইসি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের বলছেন, ‘আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।’ সিইসি বলেন, ইসির ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা এমন ঘোষণা দিচ্ছেন।

অতীতে ইসির নানা কাজের সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মত বিনিময় সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মরকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর আগে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছিলেন। রাজনৈতিক দলগুলো এপ্রিলে নির্বাচনের নেতিবাচক দিকগুলো তুলে ধরে এগিয়ে আনার দাবি জানান।
পরে শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় নির্বাচন এগিয়ে আসার বিষয়ে জানানো হয়েছে।

নির্বাচনসংক্রান্ত প্রস্তুতি এগিয়ে যাচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে, তা সবাইকে মিলে করতে হবে।’

অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।