নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: আখতার হোসেন

বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হলে তাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশগ্রহণের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি। যদি সরকার সামনে নতুন সংবিধান ও জুলাই সনদের বিষয় অপরিপূর্ণ রাখে এবং তা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এনসিপির সংশয়ের জায়গা রয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা মনে করি বাংলাদেশে যে নির্বাচন হবে তার মাধ্যমে এদেশের মানুষ একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। এই আকাঙ্ক্ষা যদি নির্বাচনের মাধ্যমে পূরণ না হয়, তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণ করার কোনো মানে থাকে না।

তিনি বলেন, কমিশন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) প্রস্তাবনা থেকে সরে এসেছে। ঐকমত্যের স্বার্থে ছাড় দিয়ে এনসিপি পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বলেন এই নেতা। সদস্যসচিব আরও বলেন, ‘আমরা এখানে এসে দেখছি যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবং সেগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে, সে ব্যাপারটা নিয়েই অনেকে নানা ধরনের ধোঁয়াশা তৈরি করছেন। সে জায়গাতে আমি তাদের কাছে আহ্বান রাখছি যে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়।’

নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপির সদস্যসচিব বলেন, ‘নতুন সংবিধানকে কোনো কোর্ট আর চ্যালেঞ্জ করতে পারে না। এ কারণেই নতুন সংবিধান করে সেটাতে যদি আমরা সংস্কার প্রস্তাবনাগুলোকে অন্তর্ভুক্ত করি, তাহলেই কেবল কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না।’ সংস্কার প্রস্তাবনাগুলোকে বিএনপি আসলে মন থেকে কতটা গ্রহণ করে, সে প্রশ্ন তুলেছেন আখতার হোসেন। এ বিষয়ে একমত হতে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

এনএএন টিভি

Share this news as a Photo Card