দ্রব্যমূল্য বৃদ্ধি ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য ন্যাপের উদ্যোগে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি বশির মোল্লা : চাল, ডাল, তেল, গ্যাসসহ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য ন্যাপ নরসিংদী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। জেলা ঐক্যন্যাপের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন, নরসিংদী জেলা শাখার সভাপতি সাংবাদিক নিবারণ রায়, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, জেলা বাসদ এর আহবায়ক এডভোকেট মোবারক হোসেন, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় নেতা কালীপদ দাস, শিক্ষক নেতা সুভাষ দত্ত, দলিত বঞ্চিত জনগোষ্ঠী নরসিংদীর সভাপতি হৃদয় দাম, আশুতোষ দাস, কৃষক নেতা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, সামাজিক আন্দোলনের নেতা শিক্ষক আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে জনজীবনের যে দুর্ভোগ নেমে এসেছে সে জন্য ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি দুঃখ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট, অথ পাচারকারী, ঋণ খেলাপীদের ও দুর্নীতিবাজদের রুখতে সরকার ব্যর্থ হয়েছে। জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

Share this news as a Photo Card