বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি বিদায় সংবর্ধনা দিয়েছে জসিম উদ্দিনকে

কাতারে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে প্রতিবছর নিয়মিতভাবে ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করে আসছে এই সংগঠনটি।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন নতুন কর্মস্থলে বদলি উপলক্ষে সৌজন্যে সাক্ষাৎ ও বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতার।

আজ দূতাবাসে বিদায়ী রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিনকে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলীসহ অন্যান্যরা।
দূতাবাসে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম,সহসভাপতি শিক্ষক তাফসীর উদ্দিন, সহসভাপতি আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আশফাক উদ্দীন মামুন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ ফারিয়াজ, তৌহিদুল ইসলাম, কায়সার আহমেদ,শাহ আলম খাঁনসহ অন্যান্যরা।

এ সময় রাষ্ট্রদূত বলেন, কাতারে ফুটবল বিশ্বকাপের পাশাপাশি দেশটিতে খেলাধুলার বিস্তার লক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে কাতার। তাই বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির উদ্যোগে তরুণ-যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করার জন্য আরো বেশি সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

পরে ব্যাডমিন্টন প্রতিযোগীতার বাৎসরিক জার্সি উন্মোচন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন।

উল্লেখ্য কাতারে বসবাসরত খেলাধুলা-প্রিয় বাংলাদেশী ভাইদের সুস্বাস্থ্যের জন্য এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে প্রতিবছর নিয়মিতভাবে এই ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আগামী ২২ ও ২৩ ডিসেম্বর ২০২২ “কাতারের জাতীয় দিবস ও বাংলাদেশের মহান বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগীতা-২০২২” অনুষ্ঠিত হবে। পুরুষ দ্বৈত এ, বি, সি, পুরুষ একক উন্মুক্ত, বয়োজেষ্ঠ্য (৪০ বছরের উর্দ্ধে) ও বালক (অনুর্দ্ধ ১৭ বছর) এই ৬টি বিভাগে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগীতায় সর্বমোট প্রাইজমানি হবে সাত হাজার (৭,০০০) রিয়্যাল ও আকর্ষণীয় ট্রফি। এছাড়াও প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রত্যেক খেলোয়াড়কে আকর্ষণীয় জার্সি ফ্রী দেয়া হবে।