আগামী ৮ জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তার আগে বড় দুঃসংবাদ পেল তারা। ইনজুরির কারণে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার শরিফুল ইসলাম। মঙ্গলবার (৪ জুন) শরিফুলের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে আঘাত পান শরিফুল ইসলাম। যার কারণে তার হাতে ৬ সেলাই পড়ে। সেই ইনজুরির কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না শরিফুল। এখন শরিফুল ইনজুরিতে পড়ায় চিন্তা বেড়েছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের। পুরো টুর্নামেন্টেই শরিফুল সুস্থ হয়ে উঠতে না পারলে হাসানকে যুক্ত করা হতে পারে ১৫ জনের স্কোয়াডে।
শরিফুল গত কয়েক বছরে বাংলাদেশের অন্যতম সেরা পেসার। বিশেষ করে পাওয়ারপ্লেতে উইকেট তুলে নিতে তার দ্বারস্থই হন অধিনায়ক। তবে যখন ইনজুরিতে পড়েন শরিফুল, তখন থেকেই তাকে নিয়ে দেখা দেয় শঙ্কা। এমনকি বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও শরিফুলের মাঠে ফেরা নিয়ে কোন পরিষ্কার উত্তর দেননি।
তবে এরই মাঝে সোমবার (৩ জুন) ডালাসে বোলিং অনুশীলন করেছেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ দল।

Comments are closed.