বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন তারকা ফুটবলাররা

দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। তার আগেই একে একে চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন তারকা ফুটবলাররা। এবার বড়সড় দুঃসংবাদ শুনল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। দলটির তারকা মিডফিল্ডার এনগোলো কান্তে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ছিটকে গেছেন চার মাসের জন্য।

কদিন আগে প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ম্যাচ চলাকালে চোট পান। এরপর তাকে মাঠ থেকে উঠিয়ে আনেন চেলসি কোচ পটার। তবে চোট যে এতটা গুরুতর সেটা মনে হয়নি তখন।

পরীক্ষা-নীরিক্ষার পর জানা যায়, সহজেই মাঠে ফেরা হবে না কান্তের। সর্বশেষ মঙ্গলবার রাতে চেলসি এক বিবৃতিতে জানিয়েছে কান্তেকে চিকিৎসকের অপারেশন টেবিলে যেতে হবে। সেজন্য অন্তত চার মাস খেলা হবে না তার। অর্থাৎ, ফ্রান্সের হয়ে তার কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না। ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ।

কান্তে ছাড়াও ইনজুরির মিছিলে আছেন ফ্রান্সের ফ্রান্সের আরেক মিডফিল্ডার পল পগবা। তার বিশ্বকাপে খেলা নিয়ে সন্দেহ আছে। ৯ নভেম্বর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা ফ্রান্সের। শঙ্কায় আছেন আরেক মিডফিল্ডার টমাস লেমারকে নিয়েও। রায়ো ভায়োকানোর বিপক্ষে মাংসপেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন অ্যাটলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার।