ভারতকে টপকিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা অস্ট্রেলিয়ার হাতে

ভারতকে টপকিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া।

রোববার (১১ জুন) ফাইনালের পঞ্চম ও শেষদিনে ভারতকে ২১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কামিন্সবাহিনী।

জানা যায়, অস্ট্রেলিয়ার ছুড়ে দেওয়া ৪৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই ভারত অলআউট হয় ২৩৪ রানে।

তাতে ২১০ রানের বিশাল জয়ে শিরোপা জিতে নেয় অজিরা। এর মধ্য দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অর্থাৎ তিন ফরম্যাটের একমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন দল হলো ক্যাঙ্গারুরা।

নিরপেক্ষ ভেন্যু ওভালে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়া টস হেরে ব্যাট করতে নেমে ত্রাভিস হেডের ১৬৩ ও স্টিভেন স্মিথের ১২১ রানের ইনিংসে ভর করে তাদের প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে সবকটি উইকেট হারিয়ে।

এরপর অস্ট্রেলিয়ার বোলিং তোপে ভারত তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৬ রানে। ১৭৩ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে।

৮ উইকেট হারিয়ে ২৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪৪ রানের।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকেলে ৯৩ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ভারত।

শুভমান গিল ১৮, রোহিত শর্মা ৪৩ ও চেতেশ্বর পূজারা ২৭ রান করে সাজঘরে ফেরেন। সেখান থেকে বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে প্রতিরোধ গড়েন।

তারা দুজন অবিচ্ছিন্ন থেকে দলীয় সংগ্রহকে ১৬৪ পর্যন্ত নিয়ে গিয়ে দিন শেষ করেন।

আরও পড়ুন:

এনএএন টিভি