অলিম্পিক এ মেয়েদের সাঁতারে সর্বোচ্চ পদকজয়ী ছিলেন একসঙ্গে চারজন। এবার সেখান থেকে বেরিয়ে নিজেকে শীর্ষে নিয়ে গেলেন কেটি লেডেকি। গতকাল মেয়েদের দলগত ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইলে যুক্তরাষ্ট্রের হয়ে রুপা জেতেন তিনি। চতুর্থ অলিম্পিক খেলতে আসা লেডেকির এটি ১৩তম পদক। অলিম্পিক ইতিহাসে সাঁতারে মেয়েদের মধ্যে এটিই সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড। আর অলিম্পিক ইতিহাসে সবমিলিয়ে লেডেকির অবস্থান এখন যৌথভাবে পঞ্চম, নারীদের মধ্যে দ্বিতীয়।

চলতি আসরে সাঁতার ইভেন্টের প্রথম রাতেই ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছিলেন লেডেকি। সোনা বা রুপার বাইরে এটিই তার প্রথম ব্রোঞ্জ। এরপর বুধবার ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা তো জিতেনই, সেই সঙ্গে গড়েন অলিম্পিক রেকর্ডও (১৫ মিনিট ৩০.০২ সেকেন্ড)।
১৫০০ মিটারে সোনাজয়ের মাধ্যমে অলিম্পিক ইতিহাসে মেয়েদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮ স্বর্ণের মালিক এখন লেডেকি। সর্বোচ্চ ৯ সোনাজয়ের রেকর্ড সাবেক সোভিয়েত ইউনিয়নের জিমন্যাস্ট লারিসা লাতিনিনার।

একই দিনে নারী সাঁতারুদের মধ্যে সর্বোচ্চ ১২ পদকজয়ের রেকর্ডেও যুক্ত হয় লেডেকির নাম। অলিম্পিক সাঁতারুদের মধ্যে ১২টি পদকজয়ের কীর্তি আগে থেকে ছিল যুক্তরাষ্ট্রেরই তিন অলিম্পিয়ান জেনি থম্পসন (১৯৯২ থেকে ২০০৪ অলিম্পিক), ডারা টোরেস (১৯৮৪ থেকে ২০০৮) ও নাটালি কফলিনের (২০০৪ থেকে ২০১২)।
গতকাল দলগত ৪ গুণিতক ২০০ মিটারে রুপা জেতার মাধ্যমে লেডেকির অলিম্পিক পদক হয়ে গেছে ১৩টি। অর্থাৎ, লেডেকিই এখন অলিম্পিক সাঁতারে এককভাবে শীর্ষে। গ্রীষ্মকালীন অলিম্পিকের ইতিহাসে মেয়েদের মধ্যে সর্বোচ্চ পদকের মালিক লাতিনিনা, তার পদক ১৮টি। এবারের অলিম্পিকে লেডেকির তাকে ছোঁয়ার সুযোগ নেই। কারণ, তার ইভেন্টই বাকি মাত্র একটি। তবে আগামীকালের ৮০০ মিটার ফ্রিস্টাইলে লাতিনিনার তিন অলিম্পিকেই এই ইভেন্টের সোনা জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারেনি তিনি। ৮০০ মিটার ফ্রিস্টাইলের বিশ্ব রেকর্ড (৮:০৪.৭৯, রিও অলিম্পিক) এবং অলিম্পিক রেকর্ডও তার। আগামীকাল টানা চতুর্থ সোনা জিতলে লেডেকি হবেন অলিম্পিকে সর্বোচ্চ সোনাজয়ী নারী ক্রীড়াবিদ, যা পুরুষ-নারী মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সোনার রেকর্ডও গড়বে।
