রোমার বর্তমান অবস্থা দেখে, অবসর ভেঙে কোচ হয়ে ফিরলেন রানিয়েরি

রোমার দায়িত্ব পাওয়ার দুই মাসের মধ্যে ছাঁটাই হন ক্রোয়েট কোচ ইভান ইউরিচ। তার স্থলাভিষিক্ত হলেন ইতালিয়ান কোচ ক্লাউদিও রানিয়েরি। কিছুদিন আগেই কোচিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লেস্টাস সিটিকে প্রিমিয়ার লিগ জেতানো এই কোচ। তবে রোমার বর্তমান অবস্থা দেখে, অবসর ভেঙে ফিরলেন ৭৩ বছর বয়সি এই ইতালিয়ান কোচ।

গত মৌসুমে ক্যাগলিয়ারির কোচ ছিলেন রানিয়েরি। এরপর অবসরের সিদ্ধান্ত নেন তিনি। এদিকে সদ্য বরখাস্ত হওয়া ইউরিচের অধীনে মৌসুমটা জঘন্যভাবে শুরু করে রোমা। মৌসুমে ১২ ম্যাচে মাত্র তিন জয়ে ১২তম স্থানে অবস্থান করছে ক্লাবটি। এই অবস্থা থেকে সাবেক ক্লাবকে ভালো অবস্থায় নিতেই আবারও কোচিংয়ে ফিরলেন রানিয়েরি।

রোমার সঙ্গে রানিয়েরির চুক্তির ব্যাপারে কিছু জানায়নি ক্লাব। তবে ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেটা ডেলো স্পোর্ট এক প্রতিবেদনে জানিয়েছেন, আপাতত ছয় মাসের জন্য দায়িত্ব দেয়া হয়েছে রানিয়েরিকে। ক্লাবকে ভালো অবস্থায় নিলে রানিয়েরির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পারে রোমা।

১৯৮৬ সাল থেকে কোচিং করিয়ে আসা রানিয়েরি এর আগে দুই দফায় রোমার ডাগআউটে ছিলেন। প্রথম দফায় ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। এরপর ২০১৯ সালে আবারও রোমার দায়িত্বে ফেরানো হয়েছিল ইতালিয়ান এই কোচকে।

রানিয়েরিকে সকলে মনে রেখেছে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ জেতানোর কারণে। ২০১৫-১৬ মৌসুমে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়েছিল লেস্টার। ইতিহাসে প্রথমবার ইংল্যান্ডের সর্বোচ্চ লিগ শিরোপা জিতেছিল ক্লাবটি। সেই দলের কোচের দায়িত্বে ছিলেন রানিয়েরি।

লেস্টার, রোমা ছাড়াও নাপোলি, ইন্টার মিলান, জুভেন্টাস, ভ্যালেন্সির মতো ক্লাবের দায়িত্ব পালন করেছেন রানিয়েরি। গ্রিসের কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

এনএএন টিভি