চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দারুণ ফর্মে রয়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ঘরোয়া লিগ ওয়ানের পাশাপাশি ইউরোপ সেরার লড়াইয়ে চ্যাম্পিয়নস লিগেও বেশ ছন্দে রয়েছে দলটি। শুরুতে চ্যালেঞ্জিং সময় পার করলেও বর্তমানে শিষ্যদের ধারাবাহিকতায় স্বর্গীয় অনুভূতিতে রয়েছেন পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের।
গতকাল (২৫ অক্টোবর) রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইসরায়েলের দল ম্যাকাবি খাইফাকে ৭-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে পিএসজি। ম্যাচে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পাশাপাশি গোল পান নেইমার জুনিয়রও। উড়ন্ত ফর্মে থাকা এই তিন তারকাকে এক দলে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন গালতিয়ের।
পিএসজির এই ‘এমএনএম’ ত্রয়ী প্রত্যেক ম্যাচেই আলো ছড়িয়ে যাচ্ছেন। চলতি মৌসুম ক্লাবের হয়ে করা ৫০ গোলের মধ্যে ৪০টিই করেন তারা। যেখানে এমবাপ্পে ১৬, নেইমার ১৩ ও মেসি ১১ গোল করেছেন। অ্যাসিস্টেও সবার উপরে এই তিন তারকা। মেসি ১২, নেইমার ১০ ও এমবাপ্পে ৪ অ্যাসিস্ট নিয়ে নিজেদের যোগ্যতার জানান দিয়ে যাচ্ছেন। তার কাছে দলটিকে স্বর্গ মনে হচ্ছে।
ম্যাকাবি খাইফাড় বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেন, আমি দেখেছি, খেলোয়াড়রা উপভোগ করছে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে ভাবতে হয়েছিল, আমাদের দুর্দান্ত তিনজন খেলোয়াড় কীভাবে নিজেদের যথাসম্ভব সেরাটা প্রকাশ করতে পারে।
তিনি আরও বলেন, তাদের অনুশীলন করানো, প্রতিদিন তাদের খেলা দেখা খুবই আনন্দদায়ক। একজন কোচের জন্য এটা স্বর্গীয়।
উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে পিএসজির নিজেদের শেষ ম্যাচ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে। আগামী ৩ নভেম্বর তুরিনের বুড়িদের বিপক্ষে মুখোমুখি হবে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
