নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি: অভিযোগ জামায়াতের গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি।

সোমবার, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব বক্তব্য দেন তিনি।

গোলাম পরওয়ার জানান,ইসি তাদেরকে আশ্বস্ত করেছে যে সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য
তবে বাস্তবে “সমান সুযোগ” এখনো নিশ্চিত হয়নি বলে দাবি তার।

তিনি আরও বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি অনিয়মের অভিযোগ এলে তারা তা তুলে ধরবেন, এবং ইসি জানিয়েছে—ব্যবস্থা নেওয়া হবে।

তফসিল ঘোষণা বিষয়ে ইসির স্পষ্ট ব্যাখ্যা জানতে তারা এই বৈঠকে এসেছিলেন।

ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে।

অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার—নিরাপদ নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি।

প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া জটিল হওয়ায় সমালোচনা করেন।

এছাড়া সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক করার দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াতের এই নেতা।
ইসির পক্ষ থেকে জানানো হয়—এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া। তবে পরওয়ারের বক্তব্য—
“সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে টাকার অংক কোনো বিষয় নয়।”

তিনি আরও অভিযোগ করেন—একটি দলের প্রচারণায় অংশ নিতে গিয়ে হামলার শিকার হচ্ছেন তাদের কর্মীরা।
তফসিল ঘোষণার পর এই ধরনের হামলা ও বিশৃঙ্খলা কীভাবে নিয়ন্ত্রণ করবে, সেটা নিয়েও ইসির সঙ্গে আলোচনা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা দলের এমন অভিযোগ ও দাবিদাওয়া এখন রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করছে।