বিয়ে করতে টিভি উপস্থাপককে অপহরণ করলো ব্যবসায়ী তরুণী

ঘটনাটি ভারতের। সেখানে বিয়ে করতে এক টিভি উপস্থাপককে অপহরণ  করেছেন এক ব্যবসায়ী তরুণী। দেশটির হায়দরাবাদ প্রদেশের এই ঘটনায় তোলপাড় গোটা ভারত।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বিবাহ বিষয়ক একটি ওয়েবসাইটে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছিল কোনও এক ছদ্মবেশী। সেটা দেখার পর ওই ভিডিও জকি উপস্থাপকের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন ব্যবসায়ী তরুণী। তিনি স্থির করেন ওই ছেলেকেই বিয়ে করবেন। এরপর ওই উপস্থাপকের পিছু নেন তিনি। এ জন্য ওই ভিডিও জকিকে অনুসরণ করতে তার গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইসও লাগিয়ে দেন তরুণী।

প্রস্তুতি শেষ করে তিনি ওই জকিকে অপহরণ করতে ভাড়া করেন কিছু লোক। এসব কথা বলা হয়েছে পুলিশের কাছে দেওয়া অভিযোগে। ওই ভিডিও জকি থানায় অভিযোগ দেওয়ার পর গ্রেফতার করা হয়েছে ৩১ বছর বয়সী তরুণীকে।

অভিযুক্ত তরুণী ডিজিটাল মার্কেটিং ব্যবসায়ী। অন্যদিকে ভুক্তভোগী তরুণ একটি মিউজিক চ্যানেলে অ্যাংকর হিসেবে কাজ করেন।

জানা গেছে, দু’বছর আগে ভারত ম্যাট্রিমোনিতে বিভিন্ন জনের প্রোফাইল ব্রাউজ করছিলেন ওই তরুণী। সেখানে একটি একাউন্টে তিনি আটকে যান। তাতে ব্যবহার করা হয়েছে ওই ভিডিও জকির ছবি। আস্তে আস্তে তার সঙ্গে চ্যাটিং শুরু করেন। কিন্তু অল্প সময় পরেই তিনি বুঝতে পারেন ওই একাউন্টটি ভুয়া। ফলে তাৎক্ষণিক ম্যাসেজিং অ্যাপ ব্যবহার করে ভিডিও জকির সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী।

তখনই ভিডিও জকি তাকে জানান, ওটা ভুয়া একাউন্ট। কেউ তার ছবি ব্যবহার করে ওই একাউন্ট তৈরি করেছে। এ জন্য তিনি পুলিশে অভিযোগও দেন। পরে এই তরুণের সঙ্গে অব্যাহতভাবে মেসেজ বিনিময় করতে থাকেন তরুণী ব্যবসায়ী।

পুলিশ বলেছে, এমন অবস্থায় ওই তরুণীর ফোন নম্বর ব্লক করে দেন ভিডিও জকি। এতে বিমর্ষ হয়ে পড়েন তিনি। কিন্তু তিনি সিদ্ধান্ত পাকা করে ফেলেন যে, ওই ভিডিও জকিকেই বিয়ে করবেন। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি ওই ভিডিও জকিকে অপহরণের সিদ্ধান্ত নেন।

এরপর ১১ ফেব্রুয়ারি ভিডিও জকিকে অপহরণ করা হয়। ভাড়াটে অপহরণকারীরা তাকে পাকড়াও করে নিয়ে যায় তরুণীর অফিসে। সেখান থেকে ভিডিও জকি যুবককে মুক্তি পাওয়ার একটি শর্ত দেন তিনি। বলেন, যদি তিনি তার ফোনের জবাব দিতে রাজি হন, তবেই তাকে ছাড়া হবে। এই শর্তে রাজি হয়ে মুক্তি পান ওই তরুণ। ছাড়া পাওয়ার পর তিনি সোজা চলে যান স্থানীয় পুলিশ স্টেশনে। সেখানে অভিযোগ দেন। এরপর পুলিশ ওই তরুণী ও চার অপহরণকারীকে গ্রেফতার করে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card