মধ্যরাতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, থমথমে জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সোমবার রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে অবস্থা।

সোমবার সন্ধ্যায় বটতলায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এরপর রাত ৯টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, মধ্যরাতে (জাবি) বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসের ভিসি ভবনের সামনে কোটাসংস্কার আন্দোলনকারীরা অবস্থানকালে সেখানে ছাত্রলীগ নেতাকর্মীরা আসেন। এতে তাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। পরে, রাত আড়াইটার দিকে বিভিন্ন হল থেকে কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, সোমবার (১৫ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে মঙ্গলবার বিকেল ৩টায় সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন :

১. আন্দোলনকারী শিক্ষার্থীদের হটিয়ে ছাত্রলীগের নিয়ন্ত্রণে ঢাবি ক্যাম্পাস

২.রোকেয়া হলের মেয়েদের মুখে ‘রাজাকার’ স্লোগান, দুঃখ লাগে: প্রধানমন্ত্রী

৩. ইডেন কলেজের শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা

 

এনএএন টিভি

Share this news as a Photo Card