কক্সবাজারের ঈদগাঁওতে চলাচল সড়ক এখন ব্যবসায়ীদের দখলে। দেখার যেন কেউ নেই। এই নিয়ে সাধারণ পথচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, বানিজ্যিক উপশহর খ্যাত বৃহৎ ঈদগাঁও বাজারে তরিতরকারী ও মাছ ব্যবসায়ীদের নির্ধারিত বাজার থাকা সত্বেও যাতায়াতের প্রধান ডিসি সড়কের পাশ ঘেঁষে হরদম বিক্রি করছে মৌসুমী তরকারী। সড়ক যেন এসব ভ্রাম্যমান ব্যবসায়ীদের দখলে বললে চলে। ঈদগাঁওর ডিসি সড়কের বিভিন্ন পয়েন্ট এমন দৃশ্য চোখে পড়ে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে তরকারী নিয়ে আসা ব্যবসায়ীরা রাস্তার দু’পাশ জুড়ে ক্রয়-বিক্রয় করছে। এতে বাজারে আসা লোকজন চলাচলের ক্ষেত্রে চরম দূর্ভোগে পড়েছে। পাশাপাশি ছোট বড় যানবাহন চলাচলে দারুন ভাবে হিমশিম খাচ্ছে। এছাড়াও ঈদগাঁও বাসস্টেশনের জাগির পাড়া সড়কের পাশে একটি মুদির দোকানের মালামাল সড়কের উপর। লোকজন যাতায়াত করছে মালামালের মাঝ অংশ দিয়ে। সেসাথে নানা স্থাপনার সামনে হরেক রকমের ভ্রাম্যমান দোকানে ছেয়ে গেছে।
একদিকে চলাচলের রাস্তা সংকীর্ণ, অন্যদিকে রাস্তার পার্শ্বে মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্ম । দুই সমস্যা নিয়ে বাজার ও স্টেশনে লোকজন প্রতিনিয়ত চলাচলের ক্ষেত্রে দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছে। ঈদগাঁও, ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ইউনিয়নসহ পার্শ্ববর্তী ঈদগড়, বাইশারী, রশিদনগর, ভারুয়াখালী, খুটাখালীর প্রত্যন্ত গ্রামাঞ্চলের লোকজন নানা কাজকর্মে ঈদগাঁওতে এসে থাকেন।
সাধারণ মানুষ জানান, বাজারের দায়িত্বশীল ও ইজারাদারের খামখেয়ালীপনায় যত্রতত্রে মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলছে। যেখানে সেখানে বসছে ঝুপড়ি দোকান।
গনি ও পেঠানসহ কয়জন পথচারী জানান, ঈদগাঁও বাজার, স্টেশনের প্রধান সড়কের দুই পাশ এখন ব্যবসায়ীদের নিয়ন্ত্রনে। কোন প্রকার নিয়ম ও শৃংখলা নেই। বাজারে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ নানা ব্যবসায়ীক কাজকর্মে ছুটে আসে। যানজট মুক্ত রাখতে প্রধান সড়কের যত্রতত্রে ছড়িয়ে ছিড়িয়ে থাকা মৌসুমী ব্যবসায়ীদের অন্যত্রে সরিয়ে সড়ক প্রশস্তকরনের দাবী।
ব্যবসায়ী এনামুল হক ইসলামাবাদী জানান, বাজারের ডিসি সড়ক ও স্টেশনের বিভিন্ন পয়েন্ট হ-য়-ব-র-ল অবস্থা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল সড়কের উপর বসানো হয়। যাতায়াতের সুবিধার্থে সড়ক প্রশস্তকরনে প্রশাসনিক অভিযানের বিকল্প নেই।
এনএএন টিভি /এম আবু হেনা সাগর
