ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রাক্তন শিক্ষার্থীদের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার হল প্রাঙ্গনে অমর একুশে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এই পুনর্মিলনীতে অংশ নেন হলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বেলা ১১ টায় পুনর্মিলনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেষ চন্দ্র বাছার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন সভাপিত এইচ এম বদিউজ্জামান সোহাগ এমপি।
পুনর্মিলনী উপলক্ষে ‘আনন্দ বেদনার কাব্য’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৭ জনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে ১৫ জনকে বৃত্তি প্রদান করা হয়। স্মৃতিচারণ, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবারসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অমর একুশে হল মুখরিত হয়ে উঠে। দিনব্যাপী এই পুনর্মিলনীর শেষ পর্বে ব্যান্ডদল ওয়ারফেজ গান পরিবেশনা করে।
ভাষা শহিদদের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে অমর একুশে হলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় অমর একুশে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অমর একুশে হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। অমর একুশে হলের প্রাক্তন শিক্ষার্থীদের হলের সঙ্গে সম্পৃক্ত রাখতে এবং বর্তমান ও প্রাক্তনদের বন্ধনকে সুদৃঢ় করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়মিত নানা আয়োজন করে যাচ্ছে।
