আমরা বিভক্তি ও বিভাজনের বাংলাদেশ আর চাই না; মাওলানা আব্দুল হালিম

“আমাদের ছাত্রদের স্লোগান ছিল — উই ওয়ান্ট জাস্টিস, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা বিভক্তি ও বিভাজনের বাংলাদেশ আর চাই না। এই দেশের নাগরিক হিসেবে আমরা সবাই গর্বিত বাংলাদেশি। ধর্ম কিংবা রাজনীতির কারণে কাউকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।”
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখার দায়িত্বশীলদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাবার।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আনতাজুল ইসলাম, জেলা মজলিসে শূরা সদস্য, সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা পরিচালক ও ডিপ্লোমা প্রকৌশলী ফোরামের জেলা সভাপতি আখতারুজ্জামান বাদল প্রমুখ।
কর্মশালার সভাপতিত্ব করেন সৈয়দপুর শহর আমীর শরফুদ্দিন খান এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
দুই শাখার শতাধিক দায়িত্বশীল সদস্য কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মাওলানা আব্দুল হালিম বলেন —
 “ধর্মীয় পরিচয়ের কারণে অনেক তরুণ চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। দাড়ি-টুপি বা হিজাবের কারণে সুযোগ হারিয়েছেন অনেকেই। এমনকি বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষায়ও বৈষম্যের শিকার হয়েছেন হিজাব পরা ছাত্রীদের কেউ কেউ। কিন্তু আজকের তরুণ সমাজ আর বিভাজন চায় না। তারা চায় ঐক্যবদ্ধ বাংলাদেশ।”
তিনি আরও বলেন,
 “জনআকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী’র সর্বস্তরের দায়িত্বশীলদের প্রস্তুত থাকতে হবে। বৈষম্যহীন, ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার মাধ্যমে জনগণকে স্বাধীনতার প্রকৃত স্বাদ দিতে হবে। আত্মমর্যাদায় উজ্জীবিত হয়ে স্বনির্ভর জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”
এনএএন টিভি / ওমর ফারুক