নীলফামারীতে জেলা স্বেচ্ছাসেবক দলের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবমী পূজার রাতে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের নেতৃত্বে  মণ্ডপগুলোতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পূজা মণ্ডপে উপস্থিত পূজারী ও দর্শনার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন—“নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ধর্ম যার যার, উৎসব তার তার—এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করতে চাই।”
ইউনিয়ন সভাপতি মমিনুর রহমান বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ। সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি।”
সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, “আমরা চাই জনগণের ভোটাধিকার সুষ্ঠুভাবে নিশ্চিত হোক। গণতান্ত্রিক ব্যবস্থার মূল শক্তি হলো জনগণের ব্যালট। তাই আমরা বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতই প্রতিফলিত হবে।”
এসময় নেতৃবৃন্দ নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, “রুবেল একজন সৎ, যোগ্য ও সাহসী মানুষ। দেশপ্রেম ও জনগণের কল্যাণে তার ভূমিকা অনন্য। এমন প্রার্থীকে জয়ী করে দেশকে এগিয়ে নিতে হবে।”
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবক দলের নেতারা পূজা উদযাপন কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ার জন্য সবার প্রতি শুভকামনা জানান।
এনএএন টিভি / ওমর ফারুক