নীলফামারী সদরে আধুনিক ট্রাক টার্মিনাল ও শহর রক্ষায় নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় নীলফামারী চৌরঙ্গী মোড়ে জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন (রেজি: রাজ-১৪৭৬) আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষের ঢল নামে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোলাম রসুল মহব্বত, সাধারণ সম্পাদক জামিয়ার রহমানসহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের প্রতিটি জেলায় ট্রাক টার্মিনাল থাকলেও নীলফামারী সদর ভাগ্যের ছোঁয়ায় আজও বঞ্চিত। এখনো আধুনিক কোনো অবকাঠামো নির্মাণ হয়নি। এ কারণে পরিবহন শ্রমিকদের সীমাহীন ভোগান্তির পাশাপাশি শহর এলাকায় যানজট ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
তারা আরও বলেন, নীলফামারী শহরকে যানজটমুক্ত, পরিবেশবান্ধব ও নিরাপদ রাখতে একটি পরিকল্পিত বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি। বিদ্যমান বাইপাস সড়কটি অচল ও যাতায়াতের জন্য অনুপযোগী। এতে অসংখ্য মোড় থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি ঘটছে।
মানববন্ধনকারীরা দ্রুত ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়ক নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেন।
এনএএন টিভি / ওমর ফারুক
