পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহেরে জেরে একমাত্র শিশুপুত্রকে বিষ পান করানোর পর
বিষপানে মায়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যার দিকে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।
নিহতরা হলো- গোলবুনিয়া গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশা চালক রুবেল হাওলাদারের স্ত্রী রোজিনা (২৮) এবং তার একমাত্র ছেলে ফয়সাল ইসলাম হৃদয় (৮)।
হৃদয় স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রতিবেশীরা জানান, বুধবার দুপুরে রুবেলের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় তার স্ত্রী রোজিনার।
সন্ধ্যার দিকে হৃদয় প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষে বাড়িতে আসে।
এরপর তার মা তাকে বিষ মিশ্রিত দুধ পান করতে দেন।
তাপর তিনি নিজেও সেই বিষ মিশ্রিত দুধ পান করেন।
বিষ পানের বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে তাদের প্রথমে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
এরপর রোজিনাকে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তবে কী বিষয় নিয়ে রুবেল-রোজিনা দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল সে বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেনি।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান,
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আরও পড়ুন :

Comments are closed.