মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মী জামিনের মাধ্যমে কারামুক্ত

মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলার বিএনপির ৫১ নেতা জামিনে মুক্ত হয়েছেন। এর মধ্যে  শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনসহ বিএনপির ৫১ নেতাকর্মী জামিনের মাধ্যমে কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের জামিনের বিষয়ে আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়। পরে তারা দুপুরের দিকে জেলা কারাগার থেকে মুক্ত হন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার সাতটি থানায় বিভিন্ন নাশকতার মামলায় কারাগারে আটক থাকা ওই ৫১ বিএনপি নেতাকর্মীর জামিন আবেদন করা হয়। আদালতে দুইজন বিচারক জেলার সকল উপজেলার বিএনপি নেতাকর্মীদের জামিন শুনানি গ্রহণ করেন।

এর মধ্যে সদর থানা, শ্রীনগর থানা ও সিরাজদিখান থানার আমলী আদালতের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম। এছাড়াও গজারিয়া থানা, টংগিবাড়ী থানা, লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানার আমলী আদালতের দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ।
জামিন মঞ্জুর হওয়া ৫১ আসামির মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার ৪ মামলায় ১৭ জন, সিরাজদিখান থানার ৪ মামলায় ৭ জন, শ্রীনগর থানার ১ মামলায় ৮ জন, টংগিবাড়ী থানার ১ মামলায় ১১ জন, গজারিয়া থানার ১ মামলায় ৪ জন, লৌহজং থানার ১ মামলায় ৩জন ও পদ্মা সেতু উত্তর থানার এক মামলায় ১ জন।

মুন্সীগঞ্জ কোট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি আজ কম ছিলো। জামিন হওয়া আসামিদের জামিননামা পাওয়ার সাথে সাথেই জেলা কারাগারে পাঠানো হয়। পরে সেগুলো যাচাই-বাছাই করে কারাগার থেকে আসামিদের মুক্ত করা হয়েছে।

এনএএন টিভি

Share this news as a Photo Card