বর্তমান যুগের অন্যতম সেরা টেনিস তারকা নোভাক জোকোভিচ। তবে নামের পাশে আছে ২৪টি গ্র্যান্ডস্ল্যাম থাকলেও অধরা ছিল অলিম্পিকের স্বর্ণ জয়। কিন্তু ক্যারিয়ারের শেষ অলিম্পিক খেলতে এসে সেই আক্ষেপ ঘোচালেন তিনি। ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ের কীর্তি গড়লেন এই সার্বিয়ান তারকা। অলিম্পিকে পঞ্চমবারের চেষ্টায় প্রথমবারের মতো পেলেন এই স্বাদ।
আলকারাসকে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২) গেমে হারিয়ে প্যারিস অলিম্পিকে ছেলেদের একক ইভেন্টে সোনা জিতেছেন এই সার্বিয়ান তারকা।
২ ঘণ্টা ৫০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে লাল মাটির কোর্টেই হাঁটু গেড়ে কান্নায় ভেঙে পড়েন জোকোভিচ। চোখ দিয়ে পানি গড়িয়েছে আলকারাসেরও। দুই মাস আগে এখানেই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। কিন্তু অলিম্পিকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ইতালির লরেঞ্জো মুসেত্তি।
জোকোভিচের আগে নারী-পুরুষ মিলিয়ে চারটি গ্র্যান্ডস্ল্যাম জেতার পাশাপাশি অলিম্পিকে সোনা জয়ের কীর্তি ছুঁয়েছেন রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফ।
