বাগেরহাটের ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০টি ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা-পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জালাল মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (৩৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার জগরখালী গ্রামের নুরুল আলমের ছেলে আলী আলম (২৮), যশোর জেলার কোতোয়ালি সদর থানার মোড়ালী মোড় এলাকার সোহরাবের ছেলে সাগর (২৮) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উওরপাড়া গ্রামের গাজী রজব আলীর ছেলে গাজী বদরুল (৫০)।
পুলিশ জানায়, ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লেগীর পুকুরের পাশে একটি বাসা ভাড়া নিয়ে মাদক কারবার করছিলেন এই ব্যক্তিরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলমের নেতৃত্বে এসআই ওহিদুজ্জামান, অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে ২৪ কেজি গাঁজা, ৩৬০টি ইয়াবা ও ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ ও এই চার ব্যক্তিকে আটক করা হয়।
ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আদালতে প্রেরণে আইনি প্রক্রিয়া চলছে।
