দেশের বিভিন্ন জেলার মতো রংপুরেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভর্তি হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সরজমিনে গিয়ে দেখা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
এতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করছেন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর স্বজনরা।
এদিকে নীলফামারীর জলঢাকা থেকে আসা ডেঙ্গু রোগে আক্রান্ত আরিফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করি।
সেই সঙ্গে খাবারে কোন স্বাদ ছিল না। পরে শরীরের অবস্থা আরও খারাপ হলে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হই। এখানে চিকিৎসাও ঠিকমত পাওয়া যাচ্ছে না।
ডেঙ্গু রোগীদের পাশের বেডে অন্য রোগে আক্রান্ত শরীফ মিয়া বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে সাধারণ রোগীদের সাথে।
এতে আতঙ্কে রয়েছি আমরা। আমাদেরও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শঙ্কায় আছি।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, পর্যাপ্ত জায়গা না থাকায় সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে।
আমাদের ইউনিট এবং বেডের সমস্যা রয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি।
তিনি আরও বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা জায়গা ব্যবস্থা না থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে।
তবে রোগী বাড়লে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন :
