সিরাজগঞ্জে বহুলীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তারগাতি গ্রামের আবু তালহার ছেলে আবু ওবায়দুল্লাহ ও রায়গঞ্জের হাট পাঙ্গাসী গ্রামের যোগেশ সাহার ছেলে মহাদেব সাহা। আহত হয়েছেন মহাদেব সাহার স্ত্রী ঝর্ণা রানী ও অটোরিকশাচালক শাহ আলমসহ আরও এক যাত্রী। এদের মধ্যে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় ঝর্ণা রানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের বহুলী ইউনিয়নের রঘুরগাতী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ থেকে আলমপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে বলেও জানান সিরাজুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
