২০২০ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশকে শিরোপা জেতানো কোচ নাভিদ নেওয়াজকে আবারও যুবাদের দায়িত্ব তুলে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটারকে যুব দলের কোচ হিসেবে ঘোষণা দিয়েছে বিসিবি।
২ বছরের চুক্তিতে যুব দলের দায়িত্ব পেয়েছেন নেওয়াজ। অর্থাৎ আগামী যুব বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন তিনি। যুব দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আরও একটি কাজ করতে হবে নেওয়াজের। বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে থাকা বয়সভিত্তিক ক্রিকেটারদের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবন তিনি।
কোচিংয়ে প্রায় দুই দশকের অভিজ্ঞতা নেওয়াজের। ২০০৫ সালে খেলা ছাড়ার পর থেকেই কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। অবসরের পর তিনি কাজ করেছেন শ্রীলঙ্কার নারী দল এবং যুব দল নিয়ে। দেশটির ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ক্লাবেও কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার।
২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নেন নেওয়াজ। তার অধীনে ২০১৯ যুব এশিয়া কাপে রানার আপ হয় বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে অল্প ব্যবধানে হেরে শিরোপা হারায় নেওয়াজের দল। তবে বিশ্বকাপে ঠিকই সামর্থ্যের প্রমাণ দেয় বাংলাদেশ।
নাভিদ নেওয়াজের অধীনেই ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন শরিফুল ইসলাম-তাওহীদ হৃদয়রা। ট্রফি জেতানোর পর নেওয়াজের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিল বিসিবি। তবে পরের যুব বিশ্বকাপে দলের ভরাডুবির পর লঙ্কান কোচের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি।
২০২২ সালের এপ্রিল মাস থেকে শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন নাভিদ নেওয়াজ। কদিন আগ পর্যন্তও এই দায়িত্বেই ছিলেন তিনি। এবার আসছেন জুনিয়র টাইগারদের হেড কোচ হিসেবে। ২০২০ সালের মতো আবার যুব দলকে তিনি গড়ে তুলতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।
