প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সভাপতিত্ব করেন। শুরুতে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে মূল আলোচনায় কমিউনিটি ক্লিনিক সহায়তা ট্রাস্ট ও স্বাস্থ্য সেবা বিভাগ, নীলফামারীর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠার উদ্দেশ্য, এ পর্যন্ত অর্জিত সফলতা এবং ভবিষ্যতের করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক একটি বৈপ্লবিক উদ্যোগ। মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, সাধারণ চিকিৎসা প্রদান, টিকা কার্যক্রম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এর অবদান উল্লেখযোগ্য। তবে জনবল সংকট, চিকিৎসা সামগ্রীর ঘাটতি, তথ্যপ্রযুক্তি সেবা সীমিতকরণ এবং পর্যাপ্ত অবকাঠামোগত সহায়তার অভাব বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।
সভায় বক্তারা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে—
প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ও প্রশিক্ষিত জনবল নিয়োগ,
ঔষধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ নিশ্চিতকরণ,
স্বাস্থ্যকর্মীদের জন্য আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ,
তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রম জোরদারকরণ,
স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ।
এসময় জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক ইনচার্জ, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের এ কার্যক্রমকে সফল করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কমিউনিটি ক্লিনিক শুধু চিকিৎসা প্রদান নয়, বরং জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সেমিনার শেষে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, আলোচনায় উত্থাপিত প্রস্তাবনা ও করণীয়গুলো বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিক আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠী তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা আরও সহজে পাবে।
ওমর ফারুক :নীলফামারী প্রতিনিধি

4 Replies to “প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে নীলফামারীতে সেমিনার”
Comments are closed.