স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৩তম বর্ষপূর্তি উদযাপন কিশোরগঞ্জে

নীলফামারীর কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১১ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের রংপুর বিভাগের প্রধান ও ন্যাশনাল লিডার মোঃ ইবনে সাঈদ অঙ্কুর, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাবিবুল্লাহ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনাহার শাহজাদী।
বক্তারা তাদের বক্তব্যে কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, সংগঠনটি দেশের কিশোর-কিশোরীদের আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাব লিডার, শিক্ষার্থী, গাইড শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ফলে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন দেশের কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন পুষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ক্লাব কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে সংগঠনটি দেশের বিভিন্ন উপজেলায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
গর্বের বিষয়, কিশোরগঞ্জ উপজেলা এ কার্যক্রমে বিশেষ অগ্রগতি অর্জন করায় দেশের চতুর্থ “স্বর্ণ উপজেলা” হিসেবে স্বীকৃতি পেয়েছে। অনুষ্ঠানে বক্তারা এ অর্জনকে উপজেলা প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।
ওমর ফারুক/এনএএন টিভি