বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করতে যাচ্ছে সরকার।
আজ বুধবার সচিবালয়ে সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ কথা জানান।
এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান সিনিয়র সচিব।
তিনি বলেন, সরকারি, আধা সরকারি, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানে চাকরির আবেদনে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে। বিসিএস ভাইভা ২০০ নম্বরের জায়গায় ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। সেখানে আবেদন ফি ৭০০ টাকা এবং বিশেষ ক্ষেত্রে ১০০ টাকা উল্লেখ ছিল।
