রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
জানা গেছে, এক বছর মেয়াদী এই নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল), বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম (সাদা প্যানেল) অংশ নিয়েছে।
শিক্ষক সমিতি নির্বাচনে কর্মকর্তা পদ ৫টি ও সদস্য পদ রয়েছে ১০টি। মোট ১৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ জন প্রার্থী। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৮ জন।
হলুদ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (সহ-সভাপতি), ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম (কোষাধ্যক্ষ), মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী (সাধারণ সম্পাদক), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. সুলতান মাহমুদ (যুগ্ম সম্পাদক) পদে নির্বাচন করছেন।
অন্যদিকে, সাদা প্যানেল থেকে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. নূরুল হক মোল্লা (সহ-সভাপতি), হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. দিলআরা হোসেন (কোষাধ্যক্ষ), লোক প্রশাসন বিভাগের ড. পারভেজ আজহারুল হক (সাধারণ সম্পাদক), ফিজারিজ বিভাগের ড. মো. আবু সাঈদ জুয়েল (যুগ্ম সম্পাদক) পদে নির্বাচন করছেন।
নির্বাচন পরিচালক অধ্যাপক কামরুজ্জামান বলেন, আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টা থেকে গণনা শুরু হবে।

Comments are closed.