গাজীপুরের এক জুয়েলারি ব্যবসায়ী তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনে আয়োজন করেন ভূক্তভোগী গাজীপুরের শ্রীপুরের ব্যবসায়ী সুব্রত চন্দ্র দাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার মালিকানাধীন দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ব্যবসা করতেন তারই জেঠাতো ভাই গৌরাঙ্গ চন্দ্র দাস। ভাড়া বকেয়া থাকায় তাকে দোকান ছেড়ে দিতে বলেন তিনি। পরে চলতি বছরের ৩০ আগস্ট অঙ্গীকারনামার মাধ্যমে দোকান বুঝিয়ে দেয়।
তিনি অভিযোগ করেন, দোকান বুঝিয়ে দেওয়ার দুই মাস পর ৩১ অক্টোবর গৌরাঙ্গ চন্দ্র দাস ও তার সহযোগীরা ওই দোকানে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এমনকি তাকে (সুব্রত চন্দ্র দাস) অভিযুক্ত করে শ্রীপুর চুরির মামলা দায়ের করা হয়।
সুব্রত মামলাটিকে মিথ্যা আখ্যায়িত করে বলেন, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তার বৈধ মালিকানাধীন দোকান দখলের চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে ন্যায় বিচার পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানান।
এই ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত গৌরাঙ্গ চন্দ্র দাসের ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

One Reply to “জুয়েলারি ব্যবসায়ীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ”
Comments are closed.